সাম্পান ডেস্ক
নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় বিষাক্ত ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য ও শ্রিম্প পাউডার দিয়ে তৈরি করা হচ্ছিল মাছ-মুরগীর খাদ্য। চাক্তাইয়ের মেসার্স আদিত্য ট্রেডার্স ও মেসার্স নূর এন্টারপ্রাইজ নামের ওই পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব-৭।
অভিযানে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৪ লাখ টাকা।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরের অভিযানে প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘ক্রোমিয়াম যুক্ত এ সকল মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগী হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অভিযানে চাক্তাইয়ের মেসার্স আদিত্য ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এ সকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল। জব্দকৃত পণ্যগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।
এ সময় মেসার্স আদিত্য ট্রেডার্সে মালিক আশু দাসকে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজের মালিক মো. নূর আবছারকে ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
অভিযানে র্যাব-৭ চট্টগ্রামের নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ এবং সিনিয়র এএসপি মো শরীফুল আলম।
