বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাকলিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলার অভিযোগ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ
বাকলিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরের বাকলিয়ায়  মোহাম্মদ আলমগীর নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে বসত বাড়িতে হামলা করে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডেরপূর্ব বজ্রঘোনা এলাকার বাসিন্দা পারভীন আক্তার থানায় এই সাধারণ ডায়েরি করেন। পারভীন স্থানীয়
মো. আলী হোসেনের মেয়ে।

আর প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলমগীর বাকলিয়া থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি নিজেকে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী বলে পরিচয় দেন।

লিখিত অভিযোগে পারভীন উল্লেখ করেন, আলমগীর তার সহযোগী মাহবুবুল আলম, আলি আকবরসহ কয়েকজনকে নিয়ে তাঁর ( পারভীন) বসতবাড়িতে হামলা করে। গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে এ হামলা করা হয়।

এদিকে হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এতে দেশীয় অস্ত্র হাতে কয়েকজনকে একটি সীমানাপ্রাচীর ভেঙে ফেলতে দেখা যায়।

এ বিষয়ে জিডির বাদী পারভীন আক্তার বলেন, আলমগীর আমার নিকটাত্মীয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে উনি আমাদের হুমকি দিয়ে আসছিলেন। ১০ ডিসেম্বর রাতের আঁধারে দলবল নিয়ে এসে তিনি আমাদের বাড়িতে হামলা করেন।ঘটনার পরপরই পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা এসে সরজমিনে দেখেছেন। কিন্তু আলমগীর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি দিতে থাকেন।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মো. আলমগীর বলেন, একটা জায়গা নিয়ে আগে থেকে ঝামেলা ছিল। এটা নিয়ে কেউ হয়তো অভিযোগ করেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, বসতবাড়িতে হামলার অভিযোগে এক নারী থানায় জিডি করেছেন। এটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares