বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ–তুরস্কের সম্পর্ক আরও জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫ | ৪:২৬ অপরাহ্ণ আপডেট: ৪ নভেম্বর ২০২৫ | ৪:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ–তুরস্কের সম্পর্ক আরও জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

সাম্পান ডেস্ক 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ–তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সহায়তার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। তিনি জানান, সরকার সম্প্রতি বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউট-এর একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের বন্ধনকে আরও মজবুত করবে।

তৌহিদ হোসেন তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানোর আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের অনুরোধ করেন।

এর আগে ১ ও ২ নভেম্বর প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তুরস্কের চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করে।

মেহমেত আকিফ ইয়িলমাজ বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, তুরস্ক বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে দেখে। তিনি আশ্বাস দেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে তুরস্কের পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares