বাঁশখালীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে বাধা দেয়াকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।এতে মোট ২৬ জন আহত হয়েছে।আহতদের মধ্যে পুলিশের সার্কেল এসপি,ওসি ও থানার সেকেন্ড অফিসারও রয়েছেন।
আজ শুক্রবার বিকেলে বাঁশখালীর সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন এএসপি (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ন কবির, ওসি মো. কামাল উদ্দিন, ওসি (তদন্ত) এসএম আরিফুর ইসলাম, এসআই নজরুল ইসলামসহ ১১ কনস্টেবল।আহতদের মধ্যে দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি শহীদুল হকও রয়েছেন।
জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানিয়েছেন, তাদের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝির কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
অপরদিকে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বিএনপির মিছিল থেকে নেতাকর্মীরা লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে অতর্কিত পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করেছে।
