বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বন্দর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ চট্টগ্রাম জামায়াত আমীরের

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১২:৪৭ অপরাহ্ণ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১২:৪৭ অপরাহ্ণ
বন্দর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ চট্টগ্রাম জামায়াত আমীরের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরকে ‘পতিত স্বৈরাচারের দোসরদের’ হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বিদেশি নাগরিক ও রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তিদের মাধ্যমে বন্দরের মালিকানা হস্তান্তরের উদ্যোগ জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

তিনি অভিযোগ করে বলেন, একদিকে একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনসহ নানা সিদ্ধান্তে সরকার গোলকধাঁধা তৈরি করেছে, অন্যদিকে বন্দরকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এ বিষয়ে ‘অপূরণীয় ক্ষতির’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম দাবি করেন, বন্দর ইস্যুতে স্টেকহোল্ডার ও শ্রমিক সংগঠনের উদ্বেগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র না মেনে জিটুজি ভিত্তিক পিপিপি মডেলে সিদ্ধান্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, এপিএম টার্মিনালসহ বিদেশি অপারেটরদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে।

তিনি আরও বলেন, এপিএম টার্মিনালের স্থানীয় অংশীদার হিসেবে সাবেক ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী আত্মীয়ের নাম বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে, যা জুলাই বিপ্লবের লক্ষ্য ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া পানগাঁও টার্মিনাল এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নেয়ার ক্ষেত্রেও সাবেক সরকারের প্রভাবশালী নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ করেন তিনি।

গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে ড. মোহাম্মদ ইউনুসকে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares