বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফেসবুকে পণ্যের লোভনীয় মূল্য ছাড় অফার দিয়ে প্রতারণা, পতেঙ্গা থেকে নোয়াখালীর তরুণ আটক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ৭:৫৭ অপরাহ্ণ আপডেট: ২৪ জুলাই ২০২২ | ৭:৫৭ অপরাহ্ণ
ফেসবুকে পণ্যের লোভনীয় মূল্য ছাড় অফার দিয়ে প্রতারণা, পতেঙ্গা থেকে নোয়াখালীর তরুণ আটক


নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে ভুয়া পেজ এবং ওয়েবসাইট খুলে নামিদামি ব্র্যান্ডের পণ্যের লোভনীয় মূল্য ছাড়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে মশিউর রহমান (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমানকে আটক করে র‍্যাব-৭ এর একটা টিম।

আটক মশিউর রহমান নোয়াখালীর সূবর্ণচর উপজেলার কাটাবুনিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আটক মশিউর রহমান তথ্যপ্রযুক্তির যুগে ই-কমার্সকে পূঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য পেজ খুলে। দেশের বিভিন্ন মোবাইল কোম্পানির নতুন নতুন মডেলের মোবাইল সেটে লোভনীয় মূল্য ছাড়ে বিজ্ঞাপন দিয়ে প্রলোভন দেখায়। এরপর পণ্যের মূল্য বুঝে পেয়ে ক্রেতার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।এভাবে নগদ অ্যাপসের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো তিনি।

জানা যায়, মশিউর রহমান আয়ারল্যান্ডের বসবাসকারী এক প্রবাসী বাংলাদেশীর কাছ থেকে ফেসবুক মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের কাজ শিখে। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৩টিরও বেশি ভুয়া ফেসবুক পেজ খুলে খুলে প্রতারণা শুরু করে।এমনকি যে আয়ারল্যান্ড প্রবাসীর কাছ থেকে ফেসবুক মার্কেটিং কাজ শিখে,তার টাকাও আত্মসাৎ করে এই প্রতারক।

র‍্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য ভুয়া পেজ ও ওয়েবসাইট খুলে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে লোভনীয় মূল্য ছাড়ে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিল আটক মশিউর। চার থেকে পাঁচ মাসে প্রতারণা করে ক্রেতাদের কাছ থেকে সে নগদের মাধ্যমে ২৪ লাখ টাকা আত্মসাৎ করে। রিয়েলমি মোবাইল কোম্পানি প্রতারণার বিষয়টি জানতে পেরে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি বলেন, মশিউরের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি টেলিফোন সেট, ১টি রাউটার, ১টি মনিটর, ১টি সিপিউ, ১টি কী বোর্ড, ১টি মাউস, ১টি চেকবই, ১টি ইসলামী ব্যাংক ভিসা কার্ড, ১টি কারব্যাগ, ২টি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares