নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পূর্ব ফিরোজশাহের ১ নং ঝিল এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে ১৮০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ (১৯ জুন) সকাল ১০ টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৪ জনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম এর তদারকিতে এই উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক,আল আমিন সরকার,মাসুদ রানা নেতৃত্ব দেন।উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যা ব, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কমিশনার এবং সেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।
উচ্ছেদ অভিযান পরিদর্শনে আসা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যে স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে সেখানে পুনরায় কেউ যাতে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য কাটা তার দিয়ে সীমানা নির্ধারণ করে গাছ লাগানো হবে। তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে কাটা তারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হবে। যদি কেউ এ সীমানা ভেঙে বসতি গড়ে তুলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, আমরা
চট্টগ্রাম সিটি করপোরেশন এবং রেলওয়ে কর্তৃপক্ষকেও বলেছি তাদের আওতাধীন পাহাড়ী জায়গায় নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সেখানে কাটা তারের বেড়া ও গাছ লাগিয়ে সংরক্ষণ করতে।পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানায়,তারা ইতোমধ্যেই বেশকিছু আশ্রয়কেন্দ্র খুলেছে যাতে পাহাড়ে বসবাসরত মানুষ আশ্রয় নিতে পারে।পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।
