ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও এক তরুণী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে নাজিরহাট বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্ঘটনার ঠিক এক ঘণ্টা আগেও ওই দুইজনকে নাজিরহাট ঝংকার সিনেমা হলের দিক থেকে মোটরসাইকেলে যেতে দেখা যায়। স্থানীয়রা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই যুবকটি প্রাণ হারান এবং তরুণীটি গুরুতর আহত হন।
নিহত ও আহতদের বাড়ি চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় হলেও তাদের সুনির্দিষ্ট পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, দুর্ঘটনায় পড়া দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত যুবকের মরদেহ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়েছে।
এসএস
