নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকো এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হেয়াকো অংশে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করে উপজেলা বিএনপির আহবায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী সমর্থিত গ্রুপ। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
তবে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরেই আজিম উল্লাহ বাহার গ্রুপ ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরের গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।
এ ঘটনায় পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হচ্ছে।
এসএস
