ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই)সহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মানিকছড়ি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং পথচারী মো. হাফিজ (৩০)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উত্তর পাইন্দং আমতল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত এসআই সাইফুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে। তিনি মানিকছড়ি থানায় কর্মরত ছিলেন। অপর নিহত পথচারী হাফিজ মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হাফিজ সড়ক পার হচ্ছিলেন। ওই মুহূর্তে সংঘর্ষের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানিকছড়ি থানার পুলিশ সদস্যরাও এসআই সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ফটিকছড়ি থানার কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসএস
