ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চলে কৃষক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুরুল আমিন।
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে তিনি রোসাংগীরিসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের চাষাবাদের জমিতে কর্মরত কৃষকদের খোঁজখবর নেন এবং শ্রমজীবী হত দরিদ্র মানুষের সঙ্গে কথা বলেন।
গণসংযোগকালে কৃষকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন অধ্যক্ষ নুরুল আমিন। তিনি জানান,ফটিকছড়ির কৃষি অর্থনীতি শক্তিশালী করতে আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে নির্বাচিত হলে কৃষকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
এ সময় এলাকাবাসী ও শ্রমজীবী মানুষ অধ্যক্ষ নুরুল আমিনের কাছে কৃষিজ ইনপুটের মূল্যবৃদ্ধি, সারের সংকট, সেচ খালে পানি প্রবাহ কমে যাওয়া, উৎপাদিত পণ্যের সঠিক দাম না পাওয়া—এসব সমস্যার কথা তুলে ধরেন। তিনি সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় যুবক, কৃষক, দিনমজুরসহ সাধারণ মানুষ তাকে বুকে জড়িয়ে নিয়ে স্বাগত জানান। কৃষিশ্রমিকদের মাঝে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন,
এই কৃষক-শ্রমিকদের ঘামেই দেশ চলে। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব মনে করি।
দিনব্যাপী এই গণসংযোগে— ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রবিউল হাসান, মানিক, সাহেদ, মাহবুব, জসিম, আকতারসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএস
