বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে ইটভাটার ব্যাল্ট মেশিনে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১:০৭ পূর্বাহ্ণ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ | ১:০৭ পূর্বাহ্ণ
ফটিকছড়িতে ইটভাটার ব্যাল্ট মেশিনে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে একটি ইটভাটায় ব্যাল্ট মেশিনে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় অবস্থিত এম.এ. ওয়ান ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম রায়হান (২০)। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জীবিকার তাগিদে প্রায় চার মাস আগে রায়হান ফটিকছড়িতে এসে ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। ঘটনার সময় তিনি মাটি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত চলমান ব্যাল্ট মেশিনে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইটভাটার মালিক পক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
এ ঘটনায় ইটভাটার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রায়হানের সহকর্মীরা জানান, তিনি ছিলেন শান্ত ও পরিশ্রমী। তাদের দাবি, ইটভাটায় শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারে যথাযথ সুরক্ষা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

রহা

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares