সাম্পান ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি খতিয়ানভুক্ত টিলার অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাটি কাটার সাথে জড়িত থাকায় ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
২৮ জুন, শুক্রবার দুপুর ১ টার দিকে কাঞ্চননগর রাবার বাগানের ডলু অংশে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অভিযানে কাঞ্চননগর রাবার বাগানের ম্যানেজার মো. আমানুল্লাহ আমান, আনসার দল ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট বলেন, পাইন্দং ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর কাঞ্চননগর রাবার বাগান (ডলু অংশে) এলাকায় সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত টিলা হতে অবৈধভাবে মাটি কর্তন করার অপরাধে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার স্বীয় অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুসারে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
