বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

প্রবীণ লেখক বদরুদ্দীন উমর আর নেই

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১:৫১ অপরাহ্ণ
প্রবীণ লেখক বদরুদ্দীন উমর আর নেই

সাম্পান ডেস্ক

লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বর্ধমান শহরে জন্ম নেন তিনি। তাঁর বাবা ছিলেন আবুল হাশিম—যিনি ভারতীয় উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

শিক্ষাজীবনে তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক এবং ১৯৫৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে (পিপিই) উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তবে ১৯৬৮ সালে গভর্নর মোনায়েম খানের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে শিক্ষকতা ছেড়ে দেন। এরপর থেকে তিনি লেখালেখি, গবেষণা ও বামপন্থী রাজনীতিতে সক্রিয় থাকেন।

২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করেন বদরুদ্দীন উমর এবং মৃত্যু পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন।

ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ ও সংস্কৃতি বিষয়ে তাঁর গবেষণা ব্যাপকভাবে সমাদৃত। সাম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭) ও সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৯) তাঁর উল্লেখযোগ্য রচনা, যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সাংস্কৃতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares