সাম্পান ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট জমা দিয়েছেন। এসব ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৬ হাজার ৪২টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত দেশের অভ্যন্তরে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৯৬ হাজার ৬৩২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং ৭০ হাজার ৮১০ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩ হাজার ৬৫৫টি ব্যালট বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
