সাম্পান ডেস্ক :
‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনার-এ আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ২৩ মিনিটে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও মুজিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন নেতা। ফুল দেওয়ার পর শহীদ মিনারে দাঁড়িয়েই ভাষাশহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তাঁরা।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থান-এ যান। সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করার কথা রয়েছে।
এর আগে একই স্থানে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য, ডাকসুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শহীদ মিনারের বেদি ও আশপাশের এলাকায় আলপনা আঁকা হয়েছে এবং দেয়ালে লেখা হয়েছে খ্যাতিমান কবি-লেখকদের উক্তি।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ রুটম্যাপ কার্যকর রয়েছে।
আরএইচ
