নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং জনগণের ন্যায়-নীতি ও ইসলামী মূল্যবোধের প্রতি আস্থার প্রতিফলন। এই গণজোয়ারকে বিজয়ে পরিণত করতে হলে আবেগ নয়, প্রজ্ঞা, ধৈর্য ও কৌশলের সমন্বয়ে কাজ করতে হবে।
শনিবার (১ নভেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম শহরের এক কমিউনিটি সেন্টারে অবস্থানরত চকরিয়া-পেকুয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ চায়। দাঁড়িপাল্লা আজ সেই পরিবর্তনের প্রতীক। এই গণসমর্থনকে টেকসই রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে প্রত্যেক কর্মীকে সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, জনসমর্থনকে বিজয়ে পরিণত করতে কৌশলগত পরিকল্পনা, ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক শৃঙ্খলা অপরিহার্য। দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।
মুহাম্মদ শাহজাহান আশা প্রকাশ করেন, ইনশাআল্লাহ জনগণের দোয়া ও নেতাকর্মীদের ত্যাগের মাধ্যমে দাঁড়িপাল্লার গণজোয়ার আগামী দিনে বিজয়ে রূপ নেবে এবং দেশে প্রতিষ্ঠিত হবে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি।
চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, ড. আ.ম.ম. মাসরুর হোসাইন, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, ড. সানা উল্লাহ, সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, অধ্যাপক মিছবাহ উদ্দীন, অধ্যাপক বাহার উদ্দীন জুবাইর, অধ্যাপক কফিল উদ্দীন, ড. কফিল উদ্দীন ফারুক, মুর্শেদুল আলম, মির্জা গালিব ও রেজাউল করিম প্রমুখ।
এসএস
