নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই।
শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন এই গুণী সাহিত্যিক। ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর তাঁর ডান পা অবশ হয়ে যায়। এরপর হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর মেয়ে অঞ্জনা বড়ুয়া জাগো নিউজকে বলেন, বাবা গত এক সপ্তাহ চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার তাঁকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। তাঁর ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৬৩ সালে তোপখানা রোডে মাত্র ছয় টাকায় একটি বেড়ার ঘর ভাড়া নিয়ে তিনি স্বাধীনভাবে লেখালেখিতে মনোনিবেশ করেন।
পরবর্তীতে কচিকাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিল-এ নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। দীর্ঘ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।
প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেন সুকুমার বড়ুয়া। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক ও নৈতিক শিক্ষামূলক ছড়ার পাশাপাশি তাঁর লেখায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা ও সমকালীন রাজনৈতিক বার্তাও।
এ কারণে তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ এমন নানা উপাধিতে পরিচিতি পান।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (২ খণ্ড), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা ও জীবনের ভেতরে বাইরে।
ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন তিনি।
ছড়াকার সুকুমার বড়ুয়ার মৃত্যুতে দেশের সাহিত্যাঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর সৃষ্টিশীল ছড়াগুলো প্রজন্মের পর প্রজন্ম বাংলা শিশুসাহিত্যে আলো ছড়িয়ে যাবে।
রহা
