নিজস্ব প্রতিবেদক
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ করতে গিয়ে নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশসহ ২০-২৫ জন আহত হয়েছ। পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩ টার দিকে কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আশেপাশের এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর নুর মোহাম্মদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। এসময় সমাবেশস্থল সংলগ্ন কাজীর দেউড়ি মোড় দিয়ে যুবদলের একটি মিছিল আসার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়।একপর্যায়ে নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙ্গে মিছিল নিয়ে সামনের দিকে যেতে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে।এসময় যুবদলের নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।তাদের সাথে আশেপাশে থাকা বিএনপির কিছু নেতাকর্মীও তাদের সাথে যোগ দেন।
এদিকে প্রথম দিকে পুলিশের সংখ্যা কম থাকলেও পরবর্তীতে অতিরিক্ত পুলিশ আসলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটে। সংঘর্ষের কারণে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও নগর বিএনপির আহবায়ক ডা শাহাদাত হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই মিছিল না করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। পরে আশপাশে অভিযান চালিয়ে দলটির ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়।এই ঘটনায় নিজেদেরকে ৫ সদস্যও আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এসময় ফুটপাতে থাকা একটি মোটর সাইকেলেও আগুন দেয়া হয়।
নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সাম্পান নিউজকে বলেন, আমরা পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করছিলাম।এসময় কাজীর দেউড়ি মোড় হয়ে একটি মিছিল প্রোগ্রামস্থলে আসার সময় পুলিশ বিনা উসকানিতে হামলা করে।এতে যুবদলের এরশাদ হোসেন, বেলাল হামজা, বিশুসহ ১৫-২০ নেতাকর্মী আহত হয়েছেন।অনেককে আটক করা হয়েছে ।
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিলাম।প্রোগ্রাম শুরুও হয়েছিল।এরমধ্যে একটি মিছিল আসার সময় পুলিশ বিনা উস্কানিতে হামলা করে।এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।অনেককে আটক করা হয়েছে।
তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে পুলিশের উপর হামলা করে।এতে আমাদের অফিসার আতিকসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে এসময় তারা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন আছে।
