বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুলের মুক্তির দাবিতে নগরে বিক্ষোভ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ
পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুলের মুক্তির দাবিতে নগরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের গুলিতে পা হারানো ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের পলিটেকনিক মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলটি নগরের পলিটেকনিক মোড় থেকে শুরু হয়ে রুবি গেট, টেক্সটাইল, বায়েজিদ, মেয়র গলি হয়ে দুই নম্বর গেটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘ভোট দেব কিসে, ধানের শীষে’, ‘এই আসনে প্রার্থী যারা, সাঈদ আল নোমান সবার সেরা’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সাইফুল ইসলাম সাইফ এখনো কারাবন্দি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলকে বিজয়ী করতে সাইফুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। তার মুক্তির দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানকে বিজয়ী করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করছেন। এই কর্মসূচি সাইফুল ইসলাম সাইফের নির্দেশে পালন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সমাবেশে মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুবদল নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল ইসলাম মাহিদ এবং ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হামজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. আকবর, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares