নিজস্ব প্রতিবেদক
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর সুপার নাঈমা সুলতানার দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্ত্রী হত্যায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায়নি গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে আদালত বাবুল আক্তারকে তাঁর আইনজীবীদের সঙ্গে কথা বলারও অনুমতি দেন।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আব্দুল হালিম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত সংস্থা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল।
বাবুল আক্তারের আইনজীবী গোলাম মওলা মুরাদ বলেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বাবুল আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে দেন। একইসঙ্গে আমাদের আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারের সঙ্গে এক ঘণ্টা কথা বলার অনুমতি দেন। দুপুর সোয়া ২টা থেকে তারা প্রায় এক ঘণ্টা বাবুল আক্তারের সঙ্গে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আইনজীবীদের আলাপ হয়েছে।
এর আগে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে গেল বছরের ১৭ অক্টোবর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেটশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। তাতে আসামি করা হয় সাবেক এসপি বাবুল আক্তার, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে। পিবিআই এর দাবি, মাহমুদা হত্যা মামলা নিয়ে আসামিরা ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে পিবিআই ও সংস্থাপ্রধানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। মামলাটিতে ইতোমধ্যে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
