নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযানে আটক হয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার সুলতান ডাইনে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইনজামুল হক জসিম (৪৯) গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দাবি, ওই হামলায় নেতৃত্ব দেন জসিম।
শনিবার রাতে নগরীতে তাকে দেখে স্থানীয় ছাত্র-জনতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক আইন, হত্যাচেষ্টা ও আরও কয়েকটি মামলা রয়েছে। তাই আমরা তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ এক ফেসবুক পোস্টে লিখেছেন, যারা মনে করেন জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবেন, তারা ভুল করছেন। আওয়ামী লীগের অন্যায়ের প্রশ্নে কোনো ছাড় নেই।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। এখনো হস্তান্তর হয়নি। হস্তান্তরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়ায় সংঘটিত সহিংসতার এক বছর পূর্তির প্রাক্কালে ইনজামুল হক জসিমের গ্রেপ্তারকে আন্দোলনকারীরা ‘প্রতীকি বিজয়’ হিসেবে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এসএস
