নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ নৌবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নাজমুস সাকিব (৩৯)। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম ঈসা খান ঘাঁটির একজন সৈনিক। আহত ব্যক্তির নাম মো. ইকরাম হোসেন (২৯)।
নাজমুস সাকিব চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাজমুস সাকিব ও ইকরাম হোসেন একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুস সাকিব মারা যান।
দুর্ঘটনার পর র্যাবের টহল দল তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে আহত ইকরাম হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সৈনিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
রহা
