সাম্পান ডেস্ক
কারাবন্দী নেতাদের মুক্তির দাবিসহ ৫ দফা দাবি জানিয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চিঠিতে বলা হয়, ‘আমরা কথা দিচ্ছি, জামিন-পরবর্তী তাঁরা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না, যাতে রাষ্ট্র ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।’
মঙ্গলবার বিকেলে মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা এই চিঠি দেন।বৈঠকে সংগঠনের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ও ফোরকান উল্লাহ খলিল, সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস, ঢাকা মহানগর সভাপতি আবদুল কাইয়ুম সোবহানী, সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।
চিঠির শুরুতেই বলা হয়, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আপনার অনুগ্রহে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টায় ইতিমধ্যে আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের অনেকেই জামিনে মুক্তি পেয়েছেন। এ জন্য আমরা আপনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
চিঠিতে বলা হয়, এক বছরের বেশি সময় আলেম-ওলামারা বন্দী থাকার কারণে তাঁদের পরিবার এবং নিয়ন্ত্রণাধীন মসজিদ-মাদ্রাসা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্দী আলেমদের অনেকে মারাত্মক অসুস্থতায় ভুগছেন। কাউকে কাউকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হচ্ছে।
চিঠিতে বলা হয়, ২০১৩ ও ২০১৬ সালে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু তা প্রত্যাহার করা হয়নি। বরং গত বছর যেসব আলেমদের গ্রেপ্তার করা হয়, তাঁদের প্রায় সবাইকে ২০১৩, ২০১৬ সালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উপরন্তু ২০২১ সালের কোনো কোনো মামলার অভিযোগপত্রও তৈরি হয়ে গেছে। বৈঠকে প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান হেফাজতের নেতারা।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে সাজিদুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা কারাবন্দী আলেমদের মুক্তিসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি জানিয়েছি।।স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, আমার কাছে যদি জামিনের ব্যবস্থা থাকত, তাহলে ব্যবস্থা নিতাম। কিন্তু কারাবন্দীদের জামিনের বিষয়ে সরকারের অন্যান্য সংস্থাও জড়িত। তাদের সঙ্গে কথা বলে কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
