বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে তিনস্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ
নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে তিনস্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দিয়েছে সরকার। পাহাড়, সমুদ্র ও সমতল তিন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে জেলায় সেনাবাহিনী, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি হেলিকপ্টারও স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তার বেশিরভাগই রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে। অনেক সময় একটি কর্মসূচিতে নির্ধারিত সংখ্যার বাইরে লোকজন অংশ নিলে সিদ্ধান্তগত দ্বন্দ্ব দেখা দেয় এবং সেখান থেকেই সংঘর্ষের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিয়মিতভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু আসনে বিচ্ছিন্নভাবে ছোটখাটো লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন তিনি।
নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ভোটের দিন ইন্টারনেট সংযোগ চালু থাকবে। কেউ গুজব ছড়ানো বা ইচ্ছাকৃতভাবে সংযোগ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করতে ও সংবাদ প্রকাশ করতে পারছেন। সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে একই সঙ্গে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোট দিতে এসে কোনো নারী যেন আতঙ্কিত না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

ব্রিফিংয়ে জঙ্গল সলিমপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares