নিজস্ব প্রতিবেদক
গুপ্ত রাজনৈতিক শক্তি নির্বাচনকে ঘিরে নানামুখী বিভ্রান্তি, গুজব ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত— এমন অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য। কিন্তু দেশের অভ্যন্তরে ৭১’র পরাজিত শক্তি বিভিন্ন সময়ে নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যাচ্ছে— যা নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহর সমর্থনে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
শাহেদ আরও বলেন, জনগণের ভোটের অধিকার ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকি। জনগণই রাষ্ট্রশক্তির উৎস। তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ রুখে দেবে।
তিনি যুবদলের নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অদৃশ্য শত্রু আস্তে আস্তে সামনে আসছে। তাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ৩১ দফা বার্তা পৌঁছে দিতে হবে।
চট্টগ্রাম–৮ আসনের ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে ‘বীর চট্টলার কৃতি সন্তান’ উল্লেখ করে তাকে বিজয়ী করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব সোলায়মান হোসেন মনার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন— পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি, সাবেক মহানগর যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, মোহাম্মদ এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সিরাজ সিকদার, দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর আলম মনি, সেলিম উদ্দিন সেলিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে যুবদল ও ছাত্রদলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস
