সাম্পান ডেস্ক
সাবেক মন্ত্রী,বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
আজ মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আজ সকালে রাজধানীর বাসায় নাস্তার পর কিছুটা অসুস্থ বোধ করলে তাকে সাথে সাথে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আব্দল্লাহ আল নোমানের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগ ছিলেন।অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে দলীয় প্রোগ্রামেও নিয়মিত থাকতে পারতেন না বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
বামছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে এসেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। ছাত্র ইউনিয়ন, ন্যাপ (ভাসানী) হয়ে গত শতকের ৮০ এর দশকে বিএনপিতে যুক্ত হন তিনি।নোমান বিভিন্ন সময়ে দলের কেন্দ্রীয় ও চট্টগ্রামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হওয়ার আগে তিনি দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।তিনি চট্টগ্রাম থেকে দুই দফায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
