প্রকাশ: ৩ মার্চ ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ আপডেট: ৩ মার্চ ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকার নোমেন্সল্যান্ডে স্থলমাইন বিস্ফোরণে মুহাম্মদ ইব্রাহিম (৪৭ ) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ আলী হোসেন।
আহত মুহাম্মদ ইব্রাহিম নাইক্ষ্যংছড়ি সদর ইউপির আশারতলী ৮ নম্বর ওয়ার্ডের এলাকার মেহের আলীর ছেলে এবং সদর ইউনিয়নের মহিলা মেম্বার লায়লা বেগমের স্বামী বলে জানা গেছে।
ইউপি সদস্য মুহাম্মদ আলী হোসেন জানান, সীমান্তের ওপারে মিয়ানমারে মাইন বিস্ফোরণে একজন আহতের খবর শুনেছি। আমিও বিভিন্ন তথ্যানুযায়ী জানতে পারি, শনিবার বিকেলে আশারতলীর গ্রামের মেহের আলীর ছেলে মুহাম্মদ ইব্রাহিম সীমান্তের নোম্যান্সল্যান্ডের গরু আনতে গিয়ে এ বিস্ফোরণের গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গত শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ৪৬-৪৭ পিলার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলীর জারুলিয়াছড়ি গ্রামের দেড়-দুই কিলোমিটার দূরত্বে নোমেন্সল্যান্ডে এই ঘটনা ঘটে।
জানা গেছে,আশারতলী সীমান্ত পিলার ৪৬/৪৭ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চোরাই গরু আনতে গেলে স্থলমাইন বিস্ফোরণে আহত হন ইব্রাহিম ।
