বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আরকান আর্মির গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

প্রকাশ: ১২ মে ২০২৪ | ১০:২৬ অপরাহ্ণ আপডেট: ১২ মে ২০২৪ | ১১:০৯ অপরাহ্ণ
আরকান আর্মির গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়িতে সীমান্তের ওপারে মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে আবুল কালাম (২৮) নামে  এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আজ রবিবার (১২ মে) সকালে ৯টায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (২৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শামশুল আলম। তিনি বলেন, আমার ওয়ার্ডের বামহাতির ছড়া এলাকার একব্যক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে জেনেছি। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তপথে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন আবুল কালাম। অন্যান্য সময়ের মতো এবারও গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতরে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যান তিনি।

সেখানে মিয়ানমারের স্বাধীনতাকামী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সঙ্গে কোনো বিষয়ে বনিবনা না হওয়ায় কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে বাংলাদেশি যুবকের মাথায় গুলি করে বিদ্রোহী সংগঠনের একজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশি যুবক আবুল কালামের। লাশটি সীমান্তের ওপারেই পড়ে আছে এখনো।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মরিয়ম আক্তার জানান, সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের মৃত্যুর কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares