নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের ছাত্রসংগঠন শিবির ।পরে পুলিশ মিছিলের আশপাশ থেকে শিবির সন্দেহে ৪ জনকে আটক করে।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিল করে শিবির কর্মীরা।
জানা যায়, মিছিলটি ষোলশহর থেকে শুরু হয়ে মুরাদপুরে এসে শেষ হয়।এতে তাদের ৪ থেকে ৫ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে পুলিশ এসে বাধা দিলে একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।পরে বিভিন্ন জায়গা থেকে শিবির সন্দেহে ৪ জনকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশ।
আটককৃতরা হলেন চট্টগ্রাম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম, বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষার্থী তারেক মাহমুদ,কাজেম আলি স্কুলের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও নুরুল ইসলাম পারভেজ।
পাঁচলাইশ থানার তদন্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে জামায়াত শিবির একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করে।মিছিলটি মুরাদপুরের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪ জনকে গ্রেফতার করা হয়।আটককৃতদের বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।
