সাম্পান ডেস্ক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভাষা আন্দোলনে সালাম, জব্বার, রফিক ও বরকাতের আত্মত্যাগের মধ্য দিয়ে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তার ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে এবং লাল-সবুজের পতাকা লাভ করে। তবে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলন ও জিহাদসহ অনেকে জীবন দিয়েছেন। পরবর্তী সময়েও বিভিন্ন জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক দল আন্দোলন-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জুলাই-আগস্টের আন্দোলনেও আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ অসংখ্য ছাত্র-জনতা ও রাজনীতিবিদ আত্মত্যাগ করেছেন। তাদের এই ত্যাগ জাতিকে গণতন্ত্রের পথে নতুন করে অঙ্গীকারবদ্ধ করেছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। দেশপ্রেম ও সততার মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তারেক রহমান দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
আরএইচ
