নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে অবৈধভাবে তৈরীকৃত ৮০ হাজার জাল টাকাসহ প্রতারক চক্রের মূলহোতা মোঃ দিদারুল আলমকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২২ অক্টোবর) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশী করে ১০০০ টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়,শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কতিপয় প্রতারক চক্র বাংলাদেশী জাল টাকা তৈরী করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন বাজারে আসল টাকা বলে ছড়িয়ে দিয়ে প্রতারনা করে আসছে বলে অভিযোগ পায় র্যাব।অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম জাল টাকা তৈরীর সাথে জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে প্রতারক চক্রের অবস্থান।একপর্যায়ে র্যাবের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর অভিযান পরিচালনা করে মোঃ দিদারুল আলমকে (৫০)গ্রেফতার করে।
র্যাব এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নূরুল আবছার জানান, আটক আসামিকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করা হয়। সেখানে নিজ হাতে বের করে দেওয়া মতে ১০০০ টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, শারদীয় দূর্গাপূজাকে উপলক্ষ্য করে মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে তাদের প্রস্তুতকৃত জাল টাকা গুলো মানুষের মাঝে আসল টাকা হিসেবে চালিয়ে জনগণকে ফাঁকি দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো প্রতারক চক্রটির মূল লক্ষ্য। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত জাল টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।
