নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর বন্দর থানার ২০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৭)। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ রাজাপুর হাওলাদার বাড়ির আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২১ মে বন্দর থানার লোহারপুর মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বন্দর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন আদালতে অভিযোগ পত্র দেন। ২০১৯ সালের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আঅ্যাডভোকেট অনুপম চক্রবর্তী।
তিনি বলেন, এই মামলায় ৯ জন সাক্ষী ছিল। সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. দেলোয়ার হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
- সাম্পান/এসএম
