বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

দীর্ঘ দুই দশক কোমায় থাকার পর চিরনিদ্রায় ‘ঘুমন্ত রাজপুত্র’ প্রিন্স আল-ওয়ালিদ

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ আপডেট: ২০ জুলাই ২০২৫ | ২:৫৩ অপরাহ্ণ
দীর্ঘ দুই দশক কোমায় থাকার পর চিরনিদ্রায় ‘ঘুমন্ত রাজপুত্র’ প্রিন্স আল-ওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্ক

বিস্ময়, আশা আর ভালোবাসায় মোড়ানো এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। অবশেষে না-ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’—প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল।

কোমায় থাকা দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের অবসান ঘটিয়ে শনিবার (১৯ জুলাই) তাকে মৃত ঘোষণা করা হয়। খবরটি নিশ্চিত করেছেন তার পিতা, সৌদি রাজপরিবারের প্রিন্স খালেদ বিন তালাল।

২০০৫ সাল, যুক্তরাজ্যের লন্ডন শহর। মাত্র ১৫ বছর বয়সী প্রিন্স আল-ওয়ালিদ সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন তখন। হঠাৎ ঘটে যাওয়া ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে, ঘটে মস্তিষ্কে রক্তক্ষরণ। সেই আঘাতই তাকে ঠেলে দেয় কোমার গভীর ঘুমে—যেখান থেকে তিনি আর জেগে উঠলেন না।

দীর্ঘ দুই দশক হাসপাতালের বিছানায় পড়ে থেকেও তিনি ভুলে যাননি জনমানুষের হৃদয়। ‘দ্য স্লিপিং প্রিন্স’ নামেই বেশি পরিচিতি পেয়েছিলেন বিশ্বজুড়ে। কয়েক বছর আগে একটি ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি একবার আঙুল নাড়ান—যা দেখে অনেকেই বলেছিলেন, আল্লাহর রহমতে তিনি হয়তো ফিরে আসবেন।
কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সব চেষ্টাই শেষমেশ থেমে যায় প্রকৃতির নিয়মে।

প্রিন্স আল-ওয়ালিদের জন্য তার পরিবারের ভালোবাসা ছিল নিঃশর্ত ও অপরিসীম। বিশেষ করে তার পিতা প্রিন্স খালেদ বিন তালাল, যিনি ২০ বছর ধরে প্রত্যাশা করেছিলেন—প্রিয় পুত্র একদিন জেগে উঠবে। এই পিতৃস্নেহ, ধৈর্য আর বিশ্বাস আজ মানুষের চোখে অশ্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২০ জুলাই) বাদ আসর রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে প্রিন্স আল-ওয়ালিদের জানাজা। তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

গালফ নিউজ ও সৌদি গেজেট জানিয়েছে, প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা সৌদি আরব জুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে #SleepingPrince হ্যাশট্যাগে লাখো মানুষ প্রিন্সের দীর্ঘ সংগ্রাম ও তার পরিবারের অনন্য ধৈর্য ও ভালোবাসার স্মরণে শ্রদ্ধা জানান।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares