নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-৯ আসনের কোর্ট বিল্ডিং এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
গণসংযোগকালে ডা. এ কে এম ফজলুল হক বলেন, দেশ বর্তমানে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর দাবি, জনগণ একটি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছে।
তিনি বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে চট্টগ্রাম-৯ আসনের জনগণ প্রস্তুত।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করছে বলেও দাবি করেন তিনি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এই প্রার্থী।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আবদুল মালিক, সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলম, চট্টগ্রাম আইনজীবী শাখার সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিবসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত আইনজীবীরা সাধারণ মানুষ ও সহকর্মী আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে নিজ নিজ দলের প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
রহা
