নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলমাস সিনেমা হলের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে যে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এর কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নমূলক উদ্যোগ এবং কৃষক-শ্রমিক-ব্যবসায়ী ও পেশাজীবী সবার অংশগ্রহণে গঠিত বাংলাদেশ।
তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপি জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় দিয়েছিল, যা পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
আমীর খসরু জানান, তারেক রহমান ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবেন। এছাড়া প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়া, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে উৎপাদিত পণ্য রপ্তানির ব্যবস্থা এবং অর্থনীতির গণতন্ত্রায়ণের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তারা ভেসে যাবে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষকে ক্ষমতার প্রকৃত মালিক, একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রয়াসই হবে গণতন্ত্র ও জনগণের সাংবিধানিক অধিকারে বাধা সৃষ্টি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি গ্রামে-গঞ্জে গিয়ে খালকাটা প্রকল্প বাস্তবায়ন এবং গাছ লাগানো কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ৩০ কোটি গাছ রোপণ করা হবে। আগামী বাংলাদেশ গড়তে হবে সবার অংশগ্রহণে প্রত্যেকে মাত্র ১০ করে গাছ লাগালে।
র্যালি ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠন।
