সাম্পান ডেস্ক:
গ্রাম থেকে শুরু করে শহর কিংবা কেন্দ্র, সর্বত্রই সর্বজনীন কমিটি গঠন করে কাজ করতে চায় নতুন ধারার রাজনৈতিক দল বাংলাদেশ ঐক্য পার্টি।
শনিবার (১৮ মার্চ) চট্টগ্রাম নগরের বাকলিয়ায় দলটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের প্রতিষ্ঠাতা মো. আবদুর রহীম চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশ ঐক্য পার্টি গ্রাম থেকে শুরু করে শহর কিংবা কেন্দ্র, সর্বত্রই সব ধর্ম ও মতের লোক নিয়ে কমিটি গঠন করতে চায়। বর্তমানে আ’লীগ, বিএনপি কিংবা অন্যান্য জোটগুলো কেউ কাউকে বিশ্বাস করছে না, প্রতিশোধ ও পাল্টা-প্রতিশোধ এর ভয়ে আছে সব জোট। চরম প্রতিশোধের ভয়ে সুষ্ঠু নির্বাচন দেওয়া হচ্ছে না। সব ধর্ম ও মতের লোক নিয়ে গঠিত কোনো দল ক্ষমতায় গেলে সেই দলে কোন মতের একচেটিয়া লোক না থাকায় প্রতিশোধের সম্ভাবনা থাকবে না। এরকম কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। অন্যথা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হয়ে দেশে সংকট আরো মারাত্মক আকার ধারণ করবে। দেশে এরকম ভয়াবহ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দল-মত-ধর্ম নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে সর্বজনীন কমিটি গঠনের জন্য দেশবাসীকে অনুরোধ জানাই।’
বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ ও বিএনপি দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে প্রতিহিংসার রাজনীতি করছে। এই দুই দলের প্রতিহিংসার স্বীকার হয়ে মজলুম জীবন যাপন করছে অনেকেই। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস।
ঐক্য, সহ-অবস্থান ও শান্তির রুপরেখা না থাকলে যারাই ক্ষমতায় আসুক, তাদের অত্যাচারে ক্ষমতাহীনরা কোনঠাসা হয়ে পড়বে। এতে ক্ষমতাসীনদের পৌষমাস হলেও সর্বনাশ হবে জনগনের। দেউলিয়াত্বের দিকে যাবে দেশ।
দেশে সুস্থ রাজনীতির চর্চাসহ সাংবিধানিক সব অধিকার দেশের সব জনগণের জন্য নিশ্চিত করার জন্য কাজ করবে ঐক্য পার্টি। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারী থেকে বাস্তবিক অর্থেই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা।
এসময় কাজী আমান উল্লাহ আমান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ শাহজাহান, শুভ মিত্র রায়, রখাল দাশ, মোহাম্মদ আশিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
