সাম্পান ডেস্ক:
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, চান্দগাঁও শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও আবাসিকের বি-ব্লকে অবস্থিত একটি টার্ফে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদরাসার শাখা প্রধান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও সমাজসেবক মো. নজরুল ইসলাম। শাখা সহকারী হাফেজ মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা প্রধান মো. আকরাম হোসাইন।
দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, স্মৃতিশক্তি যাচাই, চেয়ার সিটিং, বেলুন সংগ্রহ, মার্বেল দৌড়, ফুটবলসহ মোট ২৭টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
দায়িত্বশীল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
পি/আর
