সাম্পান ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ নির্বাচনী এলাকার কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি সরাসরি উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। ডা. জোবায়দা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্ল্যানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় অংশগ্রহণকারীরা মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে নিজেদের সমস্যা তুলে ধরেন। ডা. জোবায়দা রহমান মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং বিএনপির নির্বাচনী পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে তিনি কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’ ও বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, ওই কার্ডিয়াক ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। এছাড়া ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পে উপস্থিত শিশুদের মাঝে বই বিতরণ করা হয়।
আরএইচ
