নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সেক্টর ৩, ৭ ও ৮–এ এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে গ্যাংয়ের মূল হোতা বুনিয়া সোহেলকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া শেখ জিলানিসহ ৭ জনকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পূর্বের হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস
