সাম্পান ডেস্ক
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২০ জন রোগী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—বরিশাল বিভাগে ১৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫১ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ৬৫ জন, রংপুরে ২ জন এবং সিলেট বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ে সারা দেশে ৯৮৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৩ হাজার ৫৯৭ জনে।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৯২৪ জন। একই সময় ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৪৩ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বছরে মারা যান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১পি৭৯ জন মানুষ।
