সাম্পান ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
রোববার তার পরিবার এই খবর নিশ্চিত করেছে।পাকিস্তানের সাবেক এই স্বৈরশাসক দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, জেনারেল মোশাররফ অ্যামিলোডয়সিস নামে এক জটিল রোগে ভুগছেন।এ রোগে মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যেতে থাকে।
তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, জেনারেল মোশাররফের শরীরের অবস্থা এতটাই খারাপ যে ‘তার সেরে ওঠার প্রায় কোনো সম্ভাবনাই নেই’।
পারভেজ মোশাররফের জন্ম হয় ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে। ১৯৪৭ সালে পরিবারের সাথে পাকিস্তানে চলে যায় মোশাররফের পরিবার। তার বাবা সৈয়দ মোশাররফ একজন কূটনীতিক ছিলেন।পারভেজ মোশাররফ ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। এরপর তিনি স্পেশাল সার্ভিস গ্রুপে যুক্ত হন।পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করেন।মোশাররফ পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা দখলের পর ২০০২ সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৮ সাল পর্যন্ত এই পদে বহাল থাকেন।
জেনারেল মোশাররফ ২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন, যার মাধ্যমে তিনি নিজের শাসনামল প্রলম্বিত করতে চেয়েছিলেন।এই ঘটনায় পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয় এবং ইমপিচমেন্ট এড়াতে ২০০৮ সালে তিনি পদত্যাগ করেন।এজন্য পরে জেনারেল মুশাররফকে বিচারের মুখোমুখি হতে হয়েছিল।
তিনি পাকিস্তানের প্রথম সামরিক শাসক যাকে সংবিধান স্থগিত করার জন্য বিচারের মুখোমুখি হতে হয়েছিল।রাষ্ট্রদ্রোহ মামলায় ২০১৯ সালের ডিসেম্বরে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের আদালত, যদিও পরে সেটি বাতিল হয়ে যায়।সর্বশেষ তিনি দুবাই অবস্থান করছিলেন।
