সাম্পান ডেস্ক
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনটি বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হবে।
জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়।
এরপর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
রহা
