নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় দেশবিরোধী ও বহিরাগত চক্রের ষড়যন্ত্র চলমান ছিল। এসব প্রতিকূলতার মাঝেও দেশের ইসলামি চেতনা ও জনগণের ধর্মীয় মূল্যবোধ বজায় থেকেছে। তিনি বলেন, বাংলাদেশপন্থা ও ইসলামপন্থার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটি ন্যায্য, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়া সম্ভব। এ প্রয়াসে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাত নভেম্বরের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সূচনা করেছিল। সেই সময় সিপাহী-জনতার ঐক্য বাংলাদেশকে নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে যেতে সহায়তা করে। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার প্রতি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে নগর কর্মপরিষদ ও বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস
