বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে হঠাতে হবে: মাহবুবের রহমান শামীম

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:২০ পূর্বাহ্ণ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:২০ পূর্বাহ্ণ
জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে হঠাতে হবে: মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিগত ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করছে। নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে। তেল, গ্যাস, সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে। এখন বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে। সরকারের দুর্নীতির কারণে এসব হচ্ছে। তাই জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারকে হঠাতে হবে।

তিনি শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবীতে রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে প্রথমে কারাগারে পরে গৃহবন্দি করে রাখা হয়েছে। ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। দশ দফা দাবি দেওয়া হয়েছে। জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরাতে হবে। দেশকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে।সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতে হবে।

রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

পদযাত্রা শুরুর আগে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সাবেক সি. সহ সভাপতি আবু নাছের, সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares