বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জঙ্গল সলিমপুরে পুলিশের সাথে বস্তিবাসীদের সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২ | ২:১৪ অপরাহ্ণ আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ | ২:১৪ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে পুলিশের সাথে বস্তিবাসীদের সংঘর্ষ, আহত ১৫

সাম্পান ডেস্ক

সীতাকুন্ডের জঙ্গল সালিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের বাধার মুখে পড়েছে অভিযানকারী দল। এর ফলে সংঘর্ষে কমপক্ষে ১৫জন গুলিবিদ্ধ হয়েছে।

৮৫০ একর জমিতে গড়ে ওঠা এই বস্তিতে থাকে প্রায় এক লাখ মানুষ, যাদের বেশিরভাগই জলবায়ু পরিবর্তনের ফলে অভ্যন্তরীণ অভিবাসনে বাধ্য হওয়া জনগোষ্ঠী। তারা এখানে রয়েছেন ২০০৪ সাল থেকেই।

রাবার বুলেটে আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. আলী রাজ হাসান সাগর (২৬), বাবলু মন্ডল (২৮), আমেনা বেগম (৩৫), আমেনা বেগম (৫০), মোহাম্মদ পারভেজ (২৭) এবং মোহাম্মদ রাসুল (২০)। এরমধ্যে বাবলু আনসার সদস্য এবং বাকিরা বস্তিবাসী।

চমেকে চিকিৎসাধীন আহত মো. আলী রাজ হাসান সাগর বলেন, ‘কোন ধরণের পুনর্বাসনের উদ্যোগ ছাড়াই আমাদের বসতি উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসনের লোকজন। আমরা বসতি রক্ষা করতে গেলে প্রশাসেনের লোকজন আমদের গুলি চালায়’।

জেলা প্রশাসনের তথ্যমতে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জঙ্গল সালিমপুরের ছিন্নমূল ১ নম্বর সমাজ ও আলী নগর বস্তি এলাকায় উচ্ছেদ অভিযানে যায় জেলা প্রশাসনের একটি দল।

এই সময় কয়েকটি বসত ঘর ও দোকান ভাঙ্গা শুরু করলে– বস্তিবাসীরা অভিযানে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালায়।

অভিযানকারী দলের সাথে ছিল পুলিশ ও আনসারের ২০০ সদস্য। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউল্লাহ বলেন, আত্নরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। ‘এতে আমাদের কেউ হতাহত হয়নি। তবে কতজন বস্তিবাসী আহত হয়েছে তা আমরা জানি না’।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares