বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় লালখান বাজারের মাসুমসহ ২৪ জনের বিচার শুরু

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২ | ১১:১৯ পূর্বাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২২ | ১১:১৯ পূর্বাহ্ণ
ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় লালখান বাজারের মাসুমসহ ২৪ জনের বিচার শুরু

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ আসামির বিরুদ্ধে বিচার শুরু আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামীদের সবাই দিদারের অনুসারী ও ছাত্রলীগ – যুবলীগের নেতাকর্মী।

সোমবার (৩ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

জানা যায়, আদালত আগামী ৩০ অক্টোবর সাক্ষী গ্রহণের দিন ধার্য করেছেন। এছাড়া আদালতে অনুপস্থিত থাকায় আবু জিহাদ সিদ্দিক নামে এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

চট্টগ্রাম মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ৬ষ্ঠ দফা পিছিয়ে সোমবার সুদীপ্ত হত্যা মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। আদালত আসামিদের ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করে ২৪ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর সাক্ষী গ্রহণের দিন ধার্য করেন আদালত। চার্জ গঠনের সময় ২৪ জন আসামির মধ্যে আবু জিহাদ সিদ্দিক নামে এক আসামি ছাড়া জামিনে থাকা অন্য আসামিরা উপস্থিত ছিলেন। অনুপস্থিত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাটের দক্ষিণ নালাপাড়ায় নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।মামলাটি প্রথমে গোয়েন্দা পুলিশের হাতে যায়।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্তের দায়িত্ব পায়। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়া দেয়।চার্জশিটে মোট ২৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হন। পরবর্তীতে ২৪ আসামির মধ্যে ২৩ জন জামিনে রয়েছেন।

জানা যায়,পিবিআই’র দেয়া চার্জশিটে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়। খুনে সরাসরি জড়িত হিসেবে খাইরুল নূর ইসলাম ওরফে খায়ের, আমির হোসেন ওরফে বাবু, মোক্তার, জিহাদসহ ২৩ জনের নাম উল্লেখ করে পিবিআই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares