বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চুয়েটে দেশের প্রথম বিজনেস ইনকিউবেটরের যাত্রা শুরু

প্রকাশ: ৬ জুলাই ২০২২ | ৬:৫২ পূর্বাহ্ণ আপডেট: ৬ জুলাই ২০২২ | ৬:৫৭ পূর্বাহ্ণ
চুয়েটে দেশের প্রথম বিজনেস ইনকিউবেটরের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম স্থাপিত আইটি বিজনেস ইনকিউবেটর।

বুধবার সকাল দশটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে এটি উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, শেখ জামাল ডরমিটরি ও রোজী জামাল ডরমিটরির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এমএ রশিদুল হক প্রমূখ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন

চুয়েট ভিসি অধ্যাপক ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চবি ভিসি অধ্যাপক ড. শিরিণ আখতার, চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর পরিচালক অধ্যাপক ড. মশিউল হকসহ চুয়েটের সকল ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাস উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। চারদিকে রঙিন আলো জ্বলে ওঠে এবং বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও বেলুনও প্রদর্শন করা হয়।

জানা যায়,শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্পের আওতায় চুয়েট ক্যাম্পাসে ৪.৭ একর জমির উপর ১০ তলাবিশিষ্ট একটি ইনকিউবেশন ভবন নির্মাণ করা হয়েছে। যার আয়তন ৫০ হাজার বর্গফুট। তাছাড়া ৩৬ হাজার বর্গফুটের ৬ তলাবিশিষ্ট একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন এবং ২০ হাজার বর্গফুট আয়তনের ৪ তলাবিশিষ্ট আবাসিক ডরমিটরি ভবন নির্মাণ করা হয়েছে।

ইনকিউবেশন ভবনের মধ্যে রয়েছে- স্টার্টআপ জোন, আইডিয়া বা ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি-একাডেমিক কোলাবোরেশন জোন, ব্রেইনস্ট্রর্মিং জোন, ই-লাইব্রেরি, ডাটা সেন্টার, রিসার্চ ল্যাব, বঙ্গবন্ধু কর্ণার,প্রদর্শনী সেন্টার, ভিডিও কনফারেন্সিং কক্ষ এবং সভাকক্ষ।

এছাড়াও এই ভবনে উদ্যোক্তা ও গবেষকদের কাজের সুবিধার্থে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব, একটি মেশিন লার্নিং ল্যাব, একটি বিগ ডাটা ল্যাব, অপটিক্যাল ফাইবার ব্যাকবোন, একটি সাব-স্টেশন ও সোলার প্যানেল রয়েছে।

এর বাইরে ব্যাংক ও আইটি ফার্মের জন্য পৃথক কর্নার, অত্যাধুনিক সাইবার ক্যাফে, ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন জোন, মেকার স্পেস, ডিসপ্লে জোন, মিডিয়া কাভারেজ জোন, নিজস্ব পার্কিং সুবিধা রয়েছে ইনকিউবেশন ভবনে।

মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবনে ২৫০ জনের ধারণক্ষমতার অডিটোরিয়াম, ৩০ জনের ধারণক্ষমতাসম্পন্ন পৃথক ৮টি কম্পিউটার ল্যাব ও কাম সেমিনার কক্ষ রয়েছে। আর ডরমিটরি ভবনের একটি পুরুষ ও অন্যটি নারীদের জন্য। প্রতিটি ডরমিটরিতে ৪০টি কক্ষ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares