বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চিম্ময়ের জামিন শুনানি এগিয়ে আনতে ঢাকা থেকে এলো ইসকনের আইনজীবী

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ
চিম্ময়ের জামিন শুনানি এগিয়ে আনতে ঢাকা থেকে এলো ইসকনের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক 

বহিষ্কৃত ইসকন নেতা ব চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন শুনানি এগিয়ে আনাসহ তিন আবেদন করেছিলেন ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী। কিন্তু ওকালতনামা না থাকায় ও চট্টগ্রাম বারের কোন আইনজীবী তার সাথে না থাকায় আদালত সব দরখাস্ত নামঞ্জুর করে দেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতকে বলেছেন, চিন্ময়ের মামলাটির তারিখ এগিয়ে আনার জন্য এবং তিনি নথি উপস্থাপন করবেন। আমরা বলেছি ওনার এ ধরনের দরখাস্ত দেওয়ার আইনগত অধিকার নাই। কারণ ওনার কোনো ওকালতনামা নেই এবং যিনি এই মামলা ফাইল করেছেন তার পক্ষ থেকে তাকে কোনো পাওয়ার দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘শুনানি করার জন্য অথবা নথি উপস্থাপনের জন্য অবশ্যই চট্টগ্রাম বারের একজন আইনজীবীর ওকালতনামা দিতে হবে অথবা এনগেজড কোনো আইনজীবীকে বলতে হবে যে, ঢাকা থেকে যিনি এসেছেন তাকে তিনি ক্ষমতা দিয়েছেন। তাই আদালত এটা রিজেক্ট করে দিয়েছেন।’

আদালত সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের আবেদনের প্রেক্ষিতে বুধবার সকাল ১১টায় শুনানি শুরু হয়। শুনানির শুরুতে রবীন্দ্র ঘোষ বলেন, ‘আমি জানি এই বারের একজন আইনজীবী (সাইফুল ইসলাম আলিফ) মারা গেছেন’। এটা বলার সঙ্গে সঙ্গেই খুনের শিকার আইনজীবী আলিফকে ‘শহীদ’ না বলায় এজলাসে উপস্থিত আইনজীবীরা সবাই একসাথে প্রতিবাদ করেন। এ সময় এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরবর্তীতে আদালত অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের কাছে জানতে চান, তার পক্ষে চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা আছে কিনা, বা মামলা পরিচালনার জন্য আসামিপক্ষের আইনজীবীদের অনুমতি আছে কিনা। এ সময় তিনি নেই বলে জানালে আদালত আইন মেইনটেইন করে তাকে আসতে বলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares