বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের(কেএনএফ) সন্ত্রাসী তৎপরতার দমনে যৌথবাহিনীর অভিযানের ফলে গত দুই মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলো। দীর্ঘদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় বান্দরবানের পর্যটন শিল্প লোকসানের মুখে পড়েছিলো। অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলো।
শনিবার (২২ জুন) স্থানীয় প্রশাসনের সাথে নিরাপত্তা বাহিনী ও জনপ্রতিনিধিদের বৈঠকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। তবে বান্দরবানের থানচি উপজেলায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও রুমা ও রোয়াংছড়িতে এখনো পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।
উন্মুক্ত করে দেয়া পর্যটনকেন্দ্রগুলো হলো ডিম পাহাড়, বড় পাথর, রেমাক্রি, কুমারী ঝর্ণা-সহ অন্য পর্যটনকেন্দ্র।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বলেন, অর্থনৈতিক অবস্থা ও পর্যটন শিল্পের বিকাশের চিন্তা করে এসব পর্যটনকেন্দ্র আপাতত খুলে দেয়া হয়েছে। তবে নিরাপত্তার কারণে তমা তুঙ্গী ও নাফাখুমে কোনো পর্যটককে আপাতত যেতে দেয়া হবে না। তবে অন্য পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, নিরাপত্তা জনিত কারণে বান্দরবানের তিনটি উপজেলায় বন্ধ করা দেয়া হয় পর্যটকদের যাতায়াত। থানচি উপজেলায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলেও রুমা ও রোয়াংছড়িতে আপাতত পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে।
উল্লেখ্য, বান্দরবানে গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুটের ঘটনায় মামলায় অভিযুক্ত ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র সংশ্লিষ্টতা থাকার অভিযোগে সমগ্র বান্দরবান জুড়ে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে।
